জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে অত্যন্ত সরল ও সহজ মনের মানুষ বলে অভিহিত করেছেন আরেক ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ। দীর্ঘদিন তাঁর সঙ্গে চলাফেরা করার অভিজ্ঞতা থেকে তিনি এই মন্তব্য করেছেন।
রবিবার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুফতি আমির হামজার প্রশংসা করে এ কথা লেখেন কারি জুবায়ের আহমাদ তাশরীফ।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, "মুফতী আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।"
মুফতি আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি আরও লেখেন, "তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।"
উলেখ্য, কিছুদিন আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান আমির হামজার একটি নারীঘটিত ব্যাপার প্রকাশ্যে আনেন। তিনি বলেন, কুষ্টিয়া-৩ আসনে জামায়াত দলীয় এমপি মুফতি আমির হামজা ওয়াজের মাঠে শত লোকের শাসনের কথা বলেন, ন্যায়নীতির কথা বলেন। সেই ব্যক্তির যদি নারী স্ক্যান্ডাল বের হয় সেটি কি আসলে গ্রহণযোগ্য? আমির হামজাকে দল থেকে বহিষ্কার করে এমপি পদ বাতিলের আবেদন করার জন্য জামায়াতকে পরামর্শ দেন তিনি।
আমির হামজার নারীঘটিত ব্যাপার সম্পর্কে জামায়াতের আমির নিজেও জানেন দাবি করে রাশেদ খান বলেন, জামায়াতের শীর্ষ নেতারা এ বিষয়গুলো জানেন এবং ওই সময় এটি নিয়ে তাদের কেন্দ্রীয় মগবাজারের অফিসে আলোচনাও হয়েছিল। তারপরও ভালো প্রার্থী না থাকায় আমির হামজাকে নমিনেশন দেওয়া হয়েছিল।