খুলনায় শিক্ষা অফিসের হিসাবরক্ষক মশিয়ার রহমান (৫৯) গুলিবিদ্ধ হয়েছেন। অফিস শেষে বাসায় ফিরে মেয়ের জন্য খাবার কিনতে বের হয়ে তিনি গুলিবিদ্ধ হন।
রবিবার (৮ নভেম্বর) রাত ৭টার দিকে মহানগরীর মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গুলিবিদ্ধ মশিয়ার রহমান জানান, তিনি রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক। অফিস শেষে রূপসা থেকে মিয়াপাড়ার বাসায় ফেরেন তিনি। এরপর মেয়ের আবদার মেটাতে খাবার কিনতে বের হন। বাসা থেকে বের হয়ে পিটিআই মোড়ের দিকে হেঁটে যাচ্ছিলেন। পথে মিয়াপাড়া বড় মসজিদের সামনে হাসানের চায়ের দোকান পর্যন্ত পৌঁছান। এ সময়ে একটি গুলি এসে তার বাম পাঁজরে আঘাত করে। গুলিটি চামড়া ভেদ করে বেরিয়ে গেছে। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা শেষে ব্যান্ডেজ করে দেন।
তিনি আরও জানান, আমি তো সরকারি চাকরি করি। আমাকে কেন গুলি করা হবে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার গায়ে লেগেছে বলে তিনি মনে করেন। টার্গেটের অন্য কেউ হয়তো সেখানে ছিলেন। ঘটনা যাই হোক, এ শহরে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের নিরাপত্তা নেই। প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেয়া জরুরি।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, “শিক্ষা অফিসের একজন মিয়াপাড়ায় গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করেছে। ঘটনার তদন্ত চলছে।”