রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

নারীঘটিত ভুয়া অডিও-ভিডিও ছড়ানোর মাধ্যমে আলেমদের সম্মানহানি করা হচ্ছে, এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও প্রখ্যাত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। এ সময় রাশেদ খানকে উদ্দেশ করে তিনি প্রকাশ্য মাহফিলে ‘বদদোয়া’ দেন এবং বিষয়টিকে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।

বগুড়ার একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমির হামজা এসব কথা বলেন। তার ওই বক্তব্যের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওয়াজ মাহফিলে আলেমসমাজকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে মুফতি আমির হামজা বলেন, “যারা আলেমদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, আল্লাহ যেন তাদের জাতির সামনে অপমানিত করেন। ওরা আজ আলেমদের পেছনে লাগে। ওদের যদি আজ মোবাইল চেক করে দেখবেন... নাউজুবিল্লাহ। চরিত্র বলে কিছু আছে? চাটুকারিতা করে পদ না পেলে আজ তাদের রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো। অথচ আজ তারা বড় পদে বসেছেন।”

এর আগে গত ৬ নভেম্বর জামায়াত নেতা মুফতি আমির হামজার নাম জড়িয়ে নারীসংক্রান্ত কিছু কথোপকথনের অডিও-ভিডিও ফাঁসের দাবি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

ওই পোস্টে তিনি দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীঘটিত কিছু আপত্তিকর ভিডিও ও অডিও তার কাছে এসেছে এবং সেগুলো ফ্যাক্টচেক বা তথ্য যাচাই করার পর সেগুলোর সত্যতা পেয়েছেন। একই সঙ্গে ওই কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে কমেন্ট বক্সে অডিওর লিংক যুক্ত করার কথাও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপটিতে এক ব্যক্তিকে বারবার ক্ষমা চাইতে, অনুতপ্ত হতে এবং সংশ্লিষ্টদের কাছে গিয়ে ভুল স্বীকার করার কথা বলতে শোনা যায়। অডিওর ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ বা অভিমান নেই। শয়তানের ধোঁকায় হোক কিংবা নফসের জালে হোক, ভুল হয়ে যাওয়ার পর আমি নিজেই অত্যন্ত অনুতপ্ত।’

দুই পক্ষের এই পাল্টাপাল্টি বক্তব্য ও অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।