সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনও যাচাই করতে পারিনি।”
পররাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে জানিয়ে তিনি বলেন, “এর আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না—ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইন-কানুন সব দেখে তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “প্রাথমিকভাবে বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেন, সেই দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী ফেরত পাঠানো হয়।”
এদিকে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি জানান, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ আইন অনুযায়ী এসব ঘটনায় ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করছে।