পাবনায় ডিলারের ঘর ভেঙে ৬১১ বস্তা সার লুট

পাবনার চাটমোহর উপজেলায় সরকারি সার বিতরণের সময় ভাঙচুর ও সার লুটের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। ডিলারের টিনশেড ঘর ভেঙে ৬১১ বস্তা সরকারি সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে লুট হওয়া সার ফেরত পেতে মাইকিং করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন স্থানীয় ডিলার প্রদীপ কুমার। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে। এরপর ঘরে থাকা সার নিয়ে চলে যায় তারা।

ঘটনার পর সারের হিসাব করে দেখা যায়, মোট ১,১৮১ বস্তা সারের মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছিল। অবশিষ্ট সারের মধ্যে ৪০০ বস্তা মজুদ রয়েছে। বাকি ৬১১ বস্তা সার লুট হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নিয়ে যাওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, ঘটনার খবর পেয়ে তারা  ঘটনাস্থলে পৌঁছেছেন। তাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার নিখোঁজ রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে বলেও ধারণা করছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। লুট হওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করানো হয়েছে।

তিনি বলেন, “এ ঘটনায় যেন কেউ আইনি জটিলতায় না পড়েন, সে জন্য সারগুলো ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে।”