গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে মায়ের কোলসহ সড়কে পড়ে যাওয়ার পর ইজিবাইকের চাপায় রিফাত মিয়া নামে এক মাস ১০ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রিফাত বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোস্তাফিজ মিয়ার ছেলে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে শিশুটির মা রিয়া মনি ছেলের চিকিৎসার জন্য আমবৌলা গ্রামের স্বামীর বাড়ি থেকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসা শেষে তিনি ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবতী গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন।
পথে কুরপালা এলাকায় পৌঁছালে কোলে থাকা শিশুটি নড়াচড়া শুরু করে। সন্তানকে দেখতে ওড়না সরানোর সময় রিয়া মনি এক হাতে বোরকা ধরে রেখেছিলেন। একপর্যায়ে হাত ফসকে বোরকা ভ্যানের চাকায় পেঁচিয়ে গেলে তিনি চলন্ত ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন। তখন তার কোল থেকে শিশুটিও রাস্তায় পড়ে যায়। ঠিক সেই সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক শিশুটির ওপর দিয়ে চলে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে দ্রুত তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, "হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে চলে যান।"