খুলনায় সাম্প্রতিক সময়ে চাঁদা দাবি, ভাঙচুর ও গুলি করে আতঙ্ক সৃষ্টির ঘটনা বেড়েই চলেছে। মহানগরীর চারটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। চাঁদা দাবির কারণে একটি ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়েছে। চাঁদার ভয়ে একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হলেও সন্ত্রাসীদের হুমকিতে তা আবার খুলতে হয়েছে। নগরীতে বেশ কয়েকটি ওষুধের দোকান বন্ধ থাকলেও এর কারণ এখনো জানা যায়নি।
ব্যবসায়ীরা জানান, বড় বাজার এলাকার পাইকার ও আড়তদারদের কাছে ব্যাপক হারে চাঁদা দাবি করা হচ্ছে। ভয়ে অনেকে মুখ খুলছেন না, কেউ কেউ ফোন বন্ধ রাখছেন। ছোট-বড় প্রায় সব প্রতিষ্ঠানের কাছেই চাঁদা চাওয়া হচ্ছে; বাদ যাচ্ছেন না সরকারি কর্মকর্তারাও।
খুলনার সাবেক সিভিল সার্জন ও খুলনা মেডিকেল কলেজের ডেপুটি ডাইরেক্টর (৫ নভেম্বর থেকে এলপিআরে) ডা. সুজাত আহমেদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়েছে। রবিবার দিনগত রাত ১১টার দিকে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন ও মেসেজ দিয়ে এ চাঁদা চাওয়া হয়।
ডা. সুজাত আহমেদ বলেন, “হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে খুলনার শীর্ষ সন্ত্রাসী সংগঠন ‘বি’ কোম্পানির পরিচয় দিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়। সঙ্গে একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও দেওয়া হয়।“ তিনি জানান, চাঁদা দাবির সময় তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি আতঙ্কে আছেন এবং পরিচিত ছাড়া কারও ফোন ধরছেন না। ভয়ে থানায় লিখিত অভিযোগও করেননি।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় লিখিত বা মৌখিকভাবে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“
৭ নভেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মহানগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী সড়কে নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে সন্ত্রাসীরা। এরপর থেকে প্রতিষ্ঠানটির কাছে চাঁদা দাবি করে আসছে তারা।
রবিবার সারা দিন দফায় দফায় প্রতিষ্ঠানের মালিকের কাছে চাঁদা চাওয়া হয়। প্রথমে ৩০ লাখ, এরপর ২০ লাখ এবং সর্বশেষ ১০ লাখ টাকা দাবি করা হয়। প্রতিষ্ঠানের ম্যানেজার জাহিদ জানান, তিনি সন্ত্রাসীদের বলেন, এত টাকা দেওয়ার সক্ষমতা প্রতিষ্ঠানের নেই। তখন সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলে, চাঁদা দিতে না পারলে রাত ১১টার মধ্যে প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। ম্যানেজার জাহিদ জানান, তিনটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নুর আজিম পরিচয় দিয়ে ফোন আসে। পরে কর্তৃপক্ষ রাত ১১টার আগেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়।
বিষয়টি জানতে পেরে সোমবার সকাল থেকে গণমাধ্যমকর্মীরা প্রতিষ্ঠানটির সামনে থেকে সরাসরি সম্প্রচার (লাইভ) শুরু করেন। ফেসবুকে তা নুর আজিমের নজরে এলে তিনি প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজারকে ফোন করে হুমকি দেন। ম্যানেজার জাহিদের দাবি, প্রতিষ্ঠান না খুললে হত্যা করা হবে এবং তার (নুর আজিমের) নাম প্রকাশ করলে এবার গোলাগুলি হবে বলে শাসানো হয়। এরপর কর্তৃপক্ষ বৈঠক করে বেলা ১টার পর প্রতিষ্ঠানের কার্যক্রম আবার চালু করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, “প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে ফোনে কথা বলে তাদের প্রতিষ্ঠান খুলতে বলা হয়েছে, তারা খুলেছে।“
খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, “সন্ত্রাসীদের কাছে রাজনীতিবিদরাও অসহায়। সব মিলিয়ে খুলনাবাসী ভালো নেই। সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে নাগরিক নেতারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।“