মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনের ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসাটিতে আগুন লাগে। 

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আইসিইউতে নেওয়া শিক্ষার্থীরা হলেন- ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ ৪৮ জনকে হাসপাতালে আনা হয়। পরে আরও বেশ কযেকজন অসুস্থকে হাসপাতালে আনা হয়েছে। সবশেষ ধোঁয়ায় অসুস্থ শিক্ষাথীর সংখ্যা হয়েছে ৬৩ জন। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, “হাসপাতালে ভর্তি ৬৩ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে।

চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার অসুস্থ শিক্ষার্থীদের বরাত দিয়ে বলেন, “মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে ভবনে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় বের হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়। ধোঁয়ার কারণে কয়েকজন শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা জানান, ভবনের দ্বিতীয় তলায় একটি লাইব্রেরি ছিল। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, “রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে ফায়ার স্টেশনের মোট ৪টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুনে মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষের বিভিন্ন বই পুড়ে গেছে।”

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”

অসুস্থ শিক্ষার্থী প্রসঙ্গে তিনি বলেন, “আগুনের ফলে অনেক ধোঁয়ার সৃষ্টি হয়। এতে রাতে ৬ জন শিক্ষার্থী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। অনেকে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে।”