গাজীপুরে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় ১২ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা মহাসড়কে নামর চেষ্টা করছিলো। পরে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে। তবে বিক্ষোভ বা সড়ক অবরোধের কোনো ঘটনা ঘটেনি। দুপুর ২টায় গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রমিক অসন্তোষের আশঙ্কায় মহানগরীর কাশিমপুর, জরুন, নাওজোর এবং সদর উপজেলার বাঘেরবাজার, শিরিরচালা ও মেম্বারবাড়ী এলাকার প্রায় ১২টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষনা করেছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের শিল্পাঞ্চল এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এর মধ্যে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস, শিরিরচালা এলাকার এস এম গার্মেন্টস, এসরোটেক্স পোশাক কারখানা, ভবানীপুর এলাকার এনএজেড গ্রুপের সিএ নীট ওয়্যার, আরএমজি গার্মেন্টস বিডি লিমিটেড এবং মেম্বারবাড়ী এলাকার সিল্কেন সুইং লিমিটেড, কাশিমপুর ও জরুন এলাকায় রিপন নীটওয়্যার এবং আলিম নীটওয়্যার কারখানা ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মহানগরীর কাশিমপুর ও জরুন এলাকায় রিপন নীটওয়্যার এবং আলিম নীটওয়্যার কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে কারখানা অভ্যন্তরে বিক্ষোভ শুরু করেন। পরে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বের হয়ে আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করে। এ সময় কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে আসে।
শ্রমিক বিক্ষোভের খবরে নাওজোর এলাকায় আইসিসিএল কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেওয়া চেষ্টা করে। তারা সড়কে দাঁড়ানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। এসব ঘটনায় ছয়টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
অপরদিকে, দুপুর ১২ টার দিকে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার এস এম গার্মেন্টস এবং এসরোটেক্স পোশাক কারখানার শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে যায়। তারা বাঘেরবাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টসে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা ওই কারখানার বাহিরে থাকা কয়েকটি সিসি ক্যামেরা ভাংচুর করে। পরে কর্তৃপক্ষ ওই কারখানা ছুটি ঘোষণা করে। শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুর সদর উপজেলা এলাকার ছয়টি পোশাক করাখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, “কাশিমপুর জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। পরে তারা আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করে। এসব ঘটনায় কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।”
তিনি জানান, পাশাপাশি গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার, মেম্বারবাড়ী ও শিরিরচালা এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শিল্পাঞ্চলে পুলিশও মোতায়েন রয়েছে।