খুলনায় বিএনপি অফিস এবং স্টেশনে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। একইসঙ্গে কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। গত ২০ ঘন্টার মধ্যে এসব ঘটনা ঘটে।
খুলনা স্টেশন মাস্টার মো: জাকির হোসেন বলেন, “খুলনা স্টেশনের ২নং প্লাটফর্মে রাখা ঢাকা থেকে রাত ১২টায় আসা নকশীকাঁথা ট্রেনের একটি বগির একটি সিটে রাত ৩টা ৪০ মিনিটে আগুন লাগে। যা তাৎক্ষণিক নিভিয়ে ফেলা হয়। এতে বগির একটি আসন ক্ষতিগ্রস্ত হয়।”
তিনি আরও বলেন, “নকশীকাঁথা ট্রেনটি বেলা ১১টায় ওই বগিটি পরিবর্তন করে মহানন্দা নামে চাপাইনবয়াবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে। স্টেশন মাস্টার মনে করেন বগিতে ঘুমানোর জন্য জ্বালানো মশার কয়েল থেকে আগুন লাগতে পারে। নাশকতা হলে পুরো বগিতে আগুন ছড়িয়ে পরতো।”
রেলওয়ে খুলনার উর্ধতন উপ সহকারী প্রকৌশলী মো: শামীম হোসেন জানান, ক্ষতিগ্রস্ত আসনটি মেরামতের জন্য মঙ্গলবার সকালে বগিটি সরিয়ে ওয়ার্কশপে নেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে বগি পরিবর্তন করে মহানন্দা নামে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে খুলনার দৌলতপুরে কৃষক দলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের একটি ঘরোয়া আলোচনা সভা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে নিক্ষেপ করা বস্তুটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হননি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরে সেভ অ্যান্ড সেভের সামনে অবস্থিত টিনশেড কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর কৃষক দলের নেতাকর্মীরা।
মহানগর কৃষক দলের আহ্বায়ক সজিব তালুকদার জানান, সোমবার রাতে ওই টিনশেড কক্ষে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া আলোচনা সভা চলছিল। এ সময় দুর্বৃত্তরা সভা লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।
তিনি আরও জানান, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। খবর পেয়ে পরে ঘটনাস্থলে যান। ওই কক্ষটি কোনো দলীয় কার্যালয় নয়; সেখানে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বসে আলোচনা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ একটি বোমা উদ্ধার করা হয়েছে। কৃষক দলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঘরোয়া সভা চলাকালে সভাস্থলের সামনে এ ঘটনা ঘটে। উদ্ধার করা বস্তুটি বিস্ফোরিত হয়নি।”
এছাড়া খুলনার বটিয়াঘাটায় বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর রাতে উপজেলার ১নং জলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দারোগার ভিটার সামনে এ ঘটনা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফজরের নামাজে দু’জন যুবক মোটরসাইকেলে এসে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে দাড়ায়। এর কিছুক্ষণ পর অফিসের সামনে থাকা ব্যানারে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাদের দুইজনের মুখে মুখোশ পরা ছিল বলে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মিজানুর রহমান বলেন, “দুই যুবক ব্যানারে আগুন দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আমরা মাঠে রয়েছি। এ ঘটনার তদন্ত চলছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের কোনো রকমের ছাড় দেওয়া হবে না।”