মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে এ ঘটনা ঘটে।
এতে অন্তত ২ শ্রমিক আহত হয়েছেন। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়ার ২০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নির্ধারিত সময়ে অধিকাংশ কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বসে থাকেন। একপর্যায়ে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা জামগড়া এলাকায় সড়ক অবরোধ করেন। তাদের সড়ক থেকে সরাতে পুলিশ চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ বলেন, ‘‘আহত দুই শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের শরীরে রাবার বুলেটের আঘাত রয়েছে। রাজিয়া বেগমের আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।’’
তবে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া দুপুর ১২টার দিকে বলেন, ‘‘সড়ক অবরোধকারীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করা হয়েছিল। এতে ব্যর্থ হওয়ায় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। অন্য কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। শ্রমিকদের কেউ আহত হয়ে থাকলে তা ইটপাটকেলের আঘাতে হতে পারে। রাবার বুলেট ছোড়া হয়নি।’’
পুলিশ সুপার আরও বলেন, ‘‘উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়ার প্রায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।’’
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, ‘‘মালিকপক্ষ দ্রুত মজুরি বোর্ডে প্রস্তাব দিলে বেতন বৃদ্ধির বিষয়ে শ্রমিকদের সন্দেহ অনেকটাই দূর হতো। অনেক কারখানার মালিক কাজ না করলে কারখানা বন্ধ করে দেওয়া এবং শ্রমিকদের চাকরি হারানোর হুমকি দিচ্ছেন। শ্রমিকদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করা গেলে এ সমস্যার সমাধান সম্ভব।’’