সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বন্যাতলার বাসিন্দা নুরজাহান। খোলপেটুয়া নদীর করাল গ্রাসে বারবার ভেঙেছে তার বসতভিটা। স্থান পরিবর্তন করতে করতে শেষ পর্যন্ত তার ঠাঁই হয়েছে বন্যাতলা বেড়িবাঁদের ওপর। কোনো রকমে একটি টিনের ঘর তুলে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি।
একই দশা তার প্রতিবেশী আফসারেরও। ওই এলাকায় একসময় অর্ধশত পরিবার বসবাস করলেও নদী ভাঙন ও লবণাক্ততার কারণে টিকতে না পেরে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন দেশের বিভিন্ন প্রান্তে। যারা এখনও টিকে আছেন, তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
তুরস্কের আনতালিয়া কপ ৩১ সম্মেলন সম্পর্কে তারা কিছুই জানেন না। সাতক্ষীরাসহ দেশের উপকূলের প্রমত্তা নদীতীরবর্তী জনপদগুলোতে জলবায়ু পরিবর্তনের আঘাত এখন কেবল প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং এটি এক নীরব মানবাধিকার লঙ্ঘন।
উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের ফলে বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু সংকটে দক্ষিণ এশিয়া বা বাংলাদেশের ভূমিকা ন্যূনতম হলেও এর সর্বগ্রাসী মাশুল গুণতে হচ্ছে উপকূলের লাখ লাখ সাধারণ মানুষকে।
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বারবার প্রতিশ্রুতির বুলি আওড়ানো হলেও ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুটছে না ন্যায্য ক্ষতিপূরণ। অন্যদিকে জাতীয় পর্যায়ে গঠিত জলবায়ু ট্রাস্ট ফান্ডের কোটি কোটি টাকা উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে খরচ না করে যত্রতত্র অবকাঠামো নির্মাণে অপচয় করার অভিযোগ উঠেছে।
জানা যায়, সাতক্ষীরা পৌরসভায় জলবায়ু ফান্ডের ৩৭ কোটি ২২ লক্ষ টাকার কাজ হয়েছে। এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকাত আলী জানান, জলবায়ু প্রকল্পের আওতায় ড্রেনেজ ব্যবস্থা, পাইপলাইন বা পানি সরবরাহ এবং রাস্তাঘাট সংস্কারের কাজ করা হয়।
তিনি আরও বলেন, ‘‘সরাসরি কোনো টাকা তাদের একাউন্টে দেওয়া হয় না, বরং প্রকল্প অনুমোদনের পর টেন্ডারের মাধ্যমে কাজ সম্পন্ন করে বিলের ফাইল ঢাকায় পাঠানো হয় এবং সেখান থেকেই সরাসরি ঠিকাদারের অ্যাকাউন্টে টাকা পরিশোধ করা হয়।’’
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা পিযুষ বাউলিয়া পিন্টু বলেন, ‘‘কয়েক দশক ধরে আমাদের এলাকায় সুপেয় পানির তীব্র সংকট চলছে। আমাদের উপকূল জুড়ে পানির হাহাকার। সুপেয় পানির অভাবে বহু মানুষ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। বিশেষ করে নারী ও শিশুরা মারাত্মকভাবে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন, আর লবণ পানির কারণে ফসলি জমি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।’’
জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থ অপচয়
তথ্যঅনুসন্ধানে জানা যায়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে উপকূলীয় মানুষকে সুরক্ষা দিতে তহবিল গঠন করা হলেও সেই অর্থের বড় অংশ মাঠপর্যায়ে কাজে লাগেনি।
২০০৯ সাল থেকে এ পর্যন্ত তহবিলটির মাধ্যমে ৯৬৯টি প্রকল্প নেওয়া হয়েছে এবং ব্যয় হয়েছে ৩ হাজার ৯৬৮ কোটি টাকা। অথচ পর্যালোচনায় দেখা গেছে, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত নেওয়া ৩২২টি প্রকল্পের ৬৫ শতাংশই ছিল সড়কবাতি বসানোর মতো অপ্রয়োজনীয় খাত।
অভিযোগ রয়েছে, জলবায়ু ফান্ডের টাকায় উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে বা লবণাক্ততা দূরীকরণে কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে তা দিয়ে বিভাগীয় শহরগুলোতে সড়কবাতি স্থাপন, পার্ক তৈরি, পুকুরের ঘাট বাঁধানো এবং ভবন বানিয়ে ব্যক্তিগত রিসোর্টে পরিণত করারও নজির রয়েছে।
সাতক্ষীরাসহ খুলনাঞ্চলে বেড়িবাঁধের সমস্যা থাকলেও সেখানে কোনো ধরনের বরাদ্দ পাওয়া যায়নি বলে জানা গেছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড এক-এর নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া এবং পানি উন্নয়ন বোর্ড দুই-এর নির্বাহী প্রকৌশলী তাসকিয়া জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও গত চার-পাঁচ বছরে সরাসরি কোনো তহবিল থেকে তাদের দপ্তরে অর্থায়ন করা হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ডের নিয়মিত কাজের ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও জলবায়ুর বিষয়গুলো বিবেচনায় রেখেই বাঁধ নির্মাণের মতো কাজগুলো করা হয়।
সাতক্ষীরা জেলা ত্রাণ পুনর্বাসন শাখা সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগ খাতে নগদ ১৮ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া যায়, যার মধ্যে ৮ লক্ষ ৭৫ হাজার টাকা খরচ হয়েছে এবং ৯ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত বা অবশিষ্ট রয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে চালের বরাদ্দ ছিল ৫০০ মেট্রিক টন, যার মধ্যে ৩৭ মেট্রিক টন খরচ হয়েছে এবং ৪৬৩ মেট্রিক টন অবশিষ্ট আছে। অন্যদিকে অনুষ্ঠান প্রতিষ্ঠান খাতে চালের বরাদ্দ ছিল ৯৭৮ মেট্রিক টন, যার মধ্যে ৮২২ মেট্রিক টন খরচ হয়েছে এবং ১৫৬ মেট্রিক টন মজুত রয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, জলবায়ু পরিবর্তনের জন্য নির্দিষ্ট কোনো বরাদ্দ থাকে না, এটি একটি আলাদা সরকারি প্রকল্পভিত্তিক খাত। তবে দুর্যোগকালীন বা জিআর বরাদ্দের ক্ষেত্রে নগদ অর্থ, চাল, কম্বল ও শুকনা খাবারসহ বিভিন্ন ধরনের ত্রাণ বরাদ্দ দেওয়া হয়ে থাকে। তিনি আরও জানান, অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরা জেলার বরাদ্দ পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো এবং সন্তোষজনক।
জানা যায়, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন, এবং সাইক্লোন শেল্টার বা আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য সাতক্ষীরা জেলা পরিষদকে ১,৭০৭.২২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান জানান, উপকূলীয় অঞ্চলে গৃহহীনদের পুনর্বাসনে গৃহ নির্মাণের যে বরাদ্দের (১,৭০৭.২২ লাখ টাকা) কথা বলা হয়, সেটি মূলত ১৫-২০ বছর আগের একটি পুরনো প্রকল্প। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে নতুন করে এ ধরনের কোনো বড় সহায়তা পাওয়া যায়নি।
মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত বলেন, ‘‘সরকার জলবায়ু তহবিলের টাকা ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রায় ব্যয় না করে ব্রিজ, কালভার্ট ও অবকাঠামোর মতো অপ্রয়োজনীয় খাতে অপচয় করেছে।’’
কপ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কপ সম্মেলনগুলো কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ থাকছে। আমরা অনুদান বা ঋণভিত্তিক প্রতিশ্রুতি চাই না, ন্যায্যতার ভিত্তিতে আমাদের ক্ষতিপূরণ চাই।’’
জেলা পরিবেশ দপ্তরের কর্মকর্তা সৌমেন মৈত্র জানান, পরিবেশ দপ্তরের স্বতন্ত্র কোনো উইং না থাকায় এ সংক্রান্ত তহবিল কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হয় এবং সাধারণত অন্য উন্নয়নমূলক দপ্তরের মাধ্যমে কাজ পরিচালিত হয়। যেমন-সড়ক ও জনপথ এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমেই মূলত এ ধরনের জলবায়ু সহনশীল কাজগুলো করা হয়ে থাকে।
শ্যামনগর উপজেলার জলবায়ু পরিষদের সদস্যসচিব অধ্যক্ষ আশেক ই ইলাহী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে ক্ষতি হয়েছে, তা এখন আর কোনো করুণা বা দয়া চাওয়ার বিষয় নয়; এটি আমাদের অধিকার। যে অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, সেখানকার মানুষের জন্য বিশেষ বরাদ্দ থাকা দরকার।’’
সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মইন ইসলাম জানান, জলবায়ু তহবিল থেকে জেলা প্রশাসনের সরাসরি বড় কোনো জলবায়ু বরাদ্দ বা ফান্ড পরিচালিত হয় না। জেলা প্রশাসন মূলত সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের মতো বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়নমূলক কাজগুলো কেবল সমন্বয় করে থাকে।
চলমান ৩১তম কপ সম্মেলনে প্রধানমন্ত্রীসহ জলবায়ু যোদ্ধা এবং সংশ্লিষ্ট অনেকেই অংশগ্রহণ করেছেন। উপকূলীয় অঞ্চলের মানুষের বঞ্চনা ও জলবায়ু পরিবর্তনের শিকার হয়ে নিঃস্ব হওয়া মানুষের ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের জোরালো দাবি তারা সেখানে তুলে ধরছেন।