ফেনী শহরের দেওয়ানগঞ্জ এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করলে আগুনের সূত্রপাত হয়। পরে জেলা রেজিস্ট্রি অফিস ভবনের নিচতলায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরপর দুটি সরকারি স্থাপনায় হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, “সিসিটিভি ক্যামেরার ফুটেজে হামলার দৃশ্য দেখা গেছে। তবে ফুটেজ দেখে তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।”
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “কারা এ ঘটনা ঘটিয়েছে, পুলিশ তা তদন্ত করছে।”
একই রাতে দুটি সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।