প্রতিরক্ষাসহ যেসব বিষয় নিয়ে এরদোয়ানের সঙ্গে আলোচনা হলো

প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আনতালিয়া শহরের ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব গড়ে তোলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার পাশাপাশি এ খাতে যৌথ বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনার বিষয়টি বৈঠকে তুলে ধরেন তিনি।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন এবং দুই দেশের সহযোগিতার অগ্রগতির প্রশংসা করেন। এছাড়া জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘কপ-৩১’ সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সমর্থন কামনা করেন। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের অবিচল সংহতি এবং মাঠপর্যায়ে মানবিক সহায়তার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।