দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ভূ-গর্ভে কাজ করতে গিয়ে চেং শিয়াওজুন (৪৩) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে গ্যাস পরিমাপের কাজে ভূ-গর্ভে নেমে নিখোঁজ হন তিনি।
পরে প্রায় আট ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খনি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১১টার দিকে দুই স্থানীয় শ্রমিককে সঙ্গে নিয়ে নিয়মিত কাজের অংশ হিসেবে ভূ-গর্ভে গ্যাস পরিমাপ করতে যান চেং শিয়াওজুন। একপর্যায়ে দুই শ্রমিককে আলাদা স্থানে গ্যাস পরিমাপের দায়িত্ব দিয়ে তিনি ১৩০৫ নম্বর ফেইসের সিল ওয়ালের দিকে যান। এরপর নির্ধারিত স্থানে তাকে না পেয়ে সহকর্মীরা সারফেস কন্ট্রোল রুমে খবর দেন।
পরে খনির উদ্ধারকারী দল দ্রুত ভূ-গর্ভে অভিযান শুরু করে। এরপর মঙ্গলবার সকাল ৭টার দিকে ১৩০৫ নম্বর ফেইসের সিল ওয়ালের পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহের ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ। তিনি বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।”
এদিকে বিসিএমসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত শ্রমিকের মরদেহের বিষয়ে চীনে অবস্থিত কনসোর্টিয়ামের প্রধান কার্যালয় ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী সময়ে চীনা কনসোর্টিয়ামের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে মরদেহের সৎকারের ব্যবস্থা করা হবে।
খনির জেনারেল ম্যানেজার (অপারেশন) জাফর সাদিক জানিয়েছেন ঘটনা তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।