নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে আজ।
বুধবার (১১ নভেম্বর) নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আলোচিত এই মামলার রায় দেওয়ার জন্য আজকের দিন নির্ধারণ করেছেন। মামলায় মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’ এবং তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়া আসামি হিসেবে কারাগারে আটক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়ালেখা করত। তার মা জীবিকার তাগিদে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন।
গত বছরের ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক জানান যে শিশুটি অন্তঃসত্ত্বা। পরবর্তীতে ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে তিন দিনের রিমান্ড শেষে তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষার কথা বিবেচনা করে গত বছরের ১২ মে আদালতের আদেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে গত ২ জুলাই সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়।
নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য গত বছরের ৯ জুলাই পুলিশ আদালতে আবেদন করে। পরবর্তীতে আদালতের নির্দেশে গত ২৮ জুলাই সিলেটের সেফ হোমে গিয়ে সিআইডির অপরাধ তদন্ত বিভাগ নবজাতকের নমুনা সংগ্রহ করে।
সেসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল গণমাধ্যমকে জানিয়েছিলেন, ডিএনএ প্রোফাইল প্রতিবেদনে ১১ বছরের শিশুটির সন্তানের সঙ্গে আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ মিলেছে। অর্থাৎ, শিশুটির কন্যাসন্তানের ‘জৈবিক বাবা’ যে ওই শিক্ষক, তা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয়েছে। এরপর গত ২৭ আগস্ট পুলিশ প্রধান আসামি সাগর ও তার ভাই মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মাত্র ৬০ কার্যদিবসের মধ্যে এই চাঞ্চল্যকর মামলার বিচারকার্য সম্পন্ন হয়েছে উল্লেখ করে পিপি নুরুল কবীর রুবেল বলেন, ডিএনএ প্রোফাইল প্রতিবেদন, পুলিশের অভিযোগপত্র এবং সাক্ষ্যপ্রমাণে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, আদালত এই জঘন্য অপরাধে আসামির সর্বোচ্চ সাজা তথা মৃত্যুদণ্ড প্রদান করবেন।