পুলিশ: হেমায়েতপুরে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে বহিরাগতরা

ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানায় অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেছে বহিরাগতরা। তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সাভারে শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম বলেন, “সকাল থেকে পরিস্থিতি ভালোই ছিল। মাঝখানে দুই-একটি গার্মেন্টসে বহিরাগতরা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করে। প্রকৃতপক্ষে তারা শ্রমিক কি না, সে বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। বহিরাগতরা হেমায়েতপুরকেন্দ্রিক গার্মেন্টসগুলোতে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেছিল। তবে আমরা খুব সহজেই তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন পরিবেশ-পরিস্থিতি খুবই ভালো আছে।”

বারবার শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটার কারণ জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “বারবার কেন এমন হচ্ছে, তা আপনারা ভালো জানেন। এখানে মূলত শ্রমিক আন্দোলনের যে বিষয়বস্তু ছিল, তা হলো মজুরি বোর্ড গঠন। ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাদের বলা হয়েছে, খুব শিগগিরই এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো হবে। এ নিয়ে ইতোমধ্যে বৈঠকও হয়েছে। এর মধ্যে বাইরে থেকে তৃতীয় একটি পক্ষ পরিস্থিতি অস্থিতিশীল করে নিজেদের অন্য কোনো উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে। এমন একটি গোষ্ঠী এর মধ্যে ঢুকে পড়েছে। এ কারণেই পরিস্থিতি এমন হচ্ছে।”

হেমায়েতপুরে কতটি কারখানা ছুটি রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আজকে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আমার কাছে নেই। আমি শুধু একটি গার্মেন্টসের সামনে তাদের অবস্থান নেওয়ার খবর পেয়েছি। আমরা সেখানে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। তবে সুনির্দিষ্ট তথ্য এখন আমার কাছে নেই।”

এলাকায় কতজন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন, জানতে চাইলে মো. জাহাঙ্গীর আলম বলেন, “পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আইপি পুলিশ, এপিবিএন, ঢাকা জেলা পুলিশ লাইন্স, থানা পুলিশ, ডিবি এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় তাদের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে সেখানে শতাধিক সদস্য রয়েছেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ গুলি করছে এবং মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, “৫ আগস্টের পর বাংলাদেশ পুলিশের কোথাও লেথাল ওয়েপন ব্যবহার করার তথ্য আমার জানা নেই। আপনাদের কাছেও এ ধরনের কোনো তথ্য নেই বলে আমি বিশ্বাস করি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে, লেথাল উইপন ব্যবহার করা হবে না। বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই বাংলাদেশ পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন, ঠিক ততটুকুই আমরা প্রয়োগ করি। তবে এই বল প্রয়োগের ক্ষেত্রে কোনো লেথাল উইপন ব্যবহার করা হয় না।”

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “মৃত্যুর যে খবরগুলো ছড়ানো হচ্ছে, সেগুলোর বিষয়ে আপনারা যদি ফেসবুকে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাকগ্রাউন্ড যাচাই করেন, তাহলে তাদের পরিচয় এবং উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবেন।”

পরিস্থিতি অস্থিতিশীল করার বিষয়ে পুলিশের কাছে কোনো বার্তা বা তথ্য রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য আমরা পাচ্ছি। আমাদের এখানে সাদাপোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। তবে এসব তথ্য এখনই প্রকাশ করার মতো বিষয় নয়। আমরা যেসব তথ্য পাচ্ছি, সেগুলোর ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।”

গুজব প্রতিরোধে পুলিশের বার্তা সম্পর্কে জানতে চাইলে মো. জাহাঙ্গীর আলম বলেন, “পুলিশের সাইবার সিকিউরিটি টিম এ ধরনের বিষয় নিয়ে কাজ করছে। যারা ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে শ্রমিকদের বিক্ষুব্ধ করে পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে, তাদের পরিচয় শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশের বিভিন্ন বাহিনী ও সংস্থা কাজ করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”