সকালের নরম রোদ। দুই পাশে বিস্তীর্ণ সবুজ ধানখেত, কোথাও পাকা সড়ক, কোথাও গ্রামের আঁকাবাঁকা পথ। সেই পথ ধরে সারিবদ্ধভাবে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে একদল কিশোরী। কারও মাথায় সাদা হিজাব, কারও মাথায় রঙিন ওড়না, সবার গায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের নীল পোশাক। গন্তব্য স্কুল, কলেজ কিংবা মাদরাসা। এমন দৃশ্য এখন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেশ পরিচিত।
একসময় দীর্ঘ পথ হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হতো এলাকার অনেক মেয়েকে। দূরত্ব, সময় ও যাতায়াতের অসুবিধার কারণে কারও কারও পড়াশোনা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ত। সেই বাস্তবতায় বদল এনেছে সাইকেল। এখন পরিবারের সহযোগিতায় ছোটবেলা থেকেই সাইকেল চালানো শিখছে মেয়েরা। কৈশোরে পৌঁছানোর আগেই অনেকের কাছে সাইকেল হয়ে উঠছে নিত্যদিনের চলাচলের প্রধান বাহন।
আটোয়ারীর গ্রামীণ সড়কে সকালে কিংবা বিকেলে তাকালেই দেখা যায়, দুই-তিনজন থেকে শুরু করে কখনো বড় দল বেঁধে সাইকেলে যাচ্ছে ছাত্রীরা। শুধু স্কুলে যাওয়া নয়, প্রাইভেট পড়া, সহপাঠীর বাড়িতে যাওয়া কিংবা ব্যক্তিগত প্রয়োজনেও তারা সাবলীলভাবে সাইকেল ব্যবহার করছে।
ডাংগিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সামসুন নাহারের মতে, “আগে স্কুলে যেতে অনেকটা পথ হেঁটে যেতে হতো। এতে সময় বেশি লাগত, ক্লাসে পৌঁছাতেও কষ্ট হতো। এখন সাইকেলে অল্প সময়েই স্কুলে যেতে পারি। বান্ধবীদের সঙ্গে একসঙ্গে যাতায়াত করায় ভালোও লাগে, ভয়ও কম লাগে।”
সাইকেল ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সময় ও যাতায়াতের স্বাধীনতা। আগে যে পথ পাড়ি দিতে দীর্ঘ সময় হাঁটতে হতো, এখন তা অল্প সময়েই অতিক্রম করা সম্ভব হচ্ছে। ফলে দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগও বাড়ছে।
দলবেঁধে সাইকেলে চলাচল মেয়েদের নিরাপত্তা ও স্বস্তির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখছে। একসঙ্গে কয়েকজন চলায় পথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা হয়রানির ঝুঁকি মোকাবিলায় তারা তুলনামূলকভাবে বেশি সাহস ও আত্মবিশ্বাস পায়।
উপজেলার সরদারপাড়া গ্রামের অভিভাবক ইমদাদুল হক বলেন, “মেয়েদের স্কুলে যাওয়া নিয়ে আগে দূরত্ব ও নিরাপত্তার চিন্তা ছিল। এখন তারা নিজেরাই সাইকেল চালিয়ে দলবেঁধে স্কুলে যায়। এতে সময় বাঁচে, আমাদের দুশ্চিন্তাও কিছুটা কমেছে। মেয়েরা পড়াশোনা চালিয়ে যেতে পারছে—এটাই সবচেয়ে বড় কথা।”
গ্রামের কাঁচা-পাকা রাস্তা পেরিয়ে মহাসড়ক পর্যন্ত সাইকেল চালানোর অভিজ্ঞতা তাদের মধ্যে তৈরি করছে চলাচলের দক্ষতা, সাহস এবং নিজের কাজ নিজে করার মানসিকতা।
এই পরিবর্তনের পেছনে রয়েছে পরিবারের সচেতনতা ও সহযোগিতা। মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে অনেক পরিবার এখন ছোটবেলা থেকেই তাদের সাইকেল চালাতে উৎসাহিত করছে। বিশেষ করে যেসব পরিবারের বাড়ি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের দূরত্ব বেশি, তাদের কাছে সাইকেল হয়ে উঠেছে কার্যকর ও সাশ্রয়ী সমাধান।
আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির ক্ষেত্রে যাতায়াত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মেয়েদের জন্য দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। সাইকেল সেই বাধা অনেকটাই সহজ করেছে। মেয়েদের আত্মবিশ্বাস ও স্বাবলম্বী হওয়ার প্রবণতাও এতে বাড়ছে।”
শিক্ষার সঙ্গে এই সাইকেলযাত্রার সম্পর্ক কেবল বিদ্যালয়ে পৌঁছানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত সহজ হলে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার অন্যতম একটি বাস্তব বাধা দূর হয়। মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ ও ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এটি বাল্যবিবাহ প্রতিরোধের সামাজিক উদ্যোগকেও সহায়তা করতে পারে। কারণ শিক্ষার সঙ্গে মেয়েদের দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও আত্মনির্ভরতার সুযোগ বাড়ায়।
এ ব্যাপারে আটোয়ারির ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “গ্রামীণ এলাকায় মেয়েদের শিক্ষার প্রসারে যাতায়াতের সুযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাইকেল ব্যবহারের ফলে প্রত্যন্ত অঞ্চলের অনেক ছাত্রী সহজে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে পারছে। এটি তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। মেয়েদের শিক্ষায় পরিবারের পাশাপাশি সমাজেরও এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন।”
আটোয়ারীর মেয়েদের এই দৃশ্য তাই নিছক সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ নারীশিক্ষার অগ্রযাত্রা, পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং মেয়েদের নিজস্ব সক্ষমতা গড়ে ওঠার গল্প।
সবুজ ফসলের মাঠের পাশ দিয়ে এগিয়ে চলা সাইকেলের প্রতিটি চাকা যেন বহন করছে নতুন সম্ভাবনার বার্তা। যে পথে একসময় দূরত্ব ছিল শিক্ষার বাধা, সেই পথেই এখন সাইকেলের প্যাডেল ঘুরিয়ে নিজেদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে পঞ্চগড়ের কিশোরীরা।