রাতের আঁধারে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা

মৌলভীবাজারের জুড়ীতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে এক নারী কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে নির্জন স্থানে টেনে নেওয়ার চেষ্টা করেছেন মোটরসাইকেলে আসা দুই তরুণ। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যান।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ওই কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। থানার কাছেই বাসা হওয়ায় ডিউটি শেষে তিনি সিভিল পোশাকে হেঁটে বাসায় ফিরছিলেন। সিভিল পোশাকে থাকায় তিনি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তা বুঝতে পারেননি হামলাকারীরা।

নারী কনস্টেবলের স্বামীও একই থানার কনস্টেবল। তিনি সংবাদমাধ্যমকে জানান, তার স্ত্রী প্রায়ই ডিউটি শেষে একা হেঁটে বাসায় ফেরেন। ঘটনার সময় তিনি পুলিশের ইউনিফর্মে ছিলেন না। নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে এক তরুণ তার মুখ চেপে ধরেন এবং জোর করে সড়কের পাশের ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেন। তখন পাশেই মোটরসাইকেলে আরেক তরুণ বসা ছিলেন। চিৎকার শুরু করলে দুজনই মোটরসাইকেলে রেলস্টেশনের দিকে পালিয়ে যান। স্বামী জানান, দুর্বৃত্তরা তার স্ত্রীর কাছ থেকে কিছু ছিনিয়ে নেননি। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনাটিকে ছিনতাইচেষ্টা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “মোটরসাইকেলে আসা দুই তরুণ নারী কনস্টেবলের গতি রোধ করে ছিনতাইয়ের চেষ্টা করেন। এলাকাটি নির্জন হওয়ায় তারা এ চেষ্টা চালিয়েছিলেন বলে তিনি মনে করছেন।“ ওসি আরও জানান, দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।