টিআইবি: প্রতিমন্ত্রীর ‘উপহার’ বক্তব্য দুর্নীতির বিস্তার ঘটাতে পারে 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ‘উপহার’ সংক্রান্ত সাম্প্রতিক বক্তব্য ঘুষ লেনদেনকে বৈধতা দিতে এবং মাঠপর্যায়ে দুর্নীতির বিস্তার ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

বুধবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘‘সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা দেওয়ার পাশাপাশি দুর্নীতির বিস্তার ঘটাতে পারে।’’ 

‘নতুন করে চিন্তা’ করার নামে সরকারি ক্রয়ে ঘুষ ও দুর্নীতিবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। প্রতিমন্ত্রীর এ বক্তব্য সরকারের অবস্থান কি না, তা স্পষ্ট করার দাবি জানান। 

টিআইবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয়, তা গ্রহণ করা যায়। 

ইফতেখারুজ্জামান প্রশ্ন তোলেন, ‘‘উপহার গ্রহণের সুযোগ দেওয়ার মাধ্যমে প্রতিমন্ত্রী কি প্রকারান্তরে ঘুষকে বৈধতা দিচ্ছেন এবং সরকারি কর্মকর্তাদের ঘুষ নিতে উৎসাহিত করছেন? যাঁদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম প্রতিরোধ করা, চাকরির শুরুতেই তাঁদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন।’’ 

এর আগে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজিকে ‘সমঝোতার লেনদেন’ হিসেবে উল্লেখ করার বক্তব্যের প্রসঙ্গ টেনে ইফতেখারুজ্জামান বলেন, ‘‘সরকারের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের এমন দুর্নীতিসহায়ক অবস্থান সরকারের জন্যই অশনিসংকেত।’’ 

 ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ গ্রহণের বিষয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিঃশর্তভাবে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে টিআইবি। 

পাশাপাশি প্রতিমন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা নিয়ে জবাবদিহি নিশ্চিত করা এবং বক্তব্যে উল্লেখ করা সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।