সুন্দরবনে রাত্রিযাপনের পাস বন্ধ, পর্যটন খাত ধ্বংসের আশঙ্কা সাতক্ষীরায়

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতিপত্র বা তিন দিনের ভ্রমণ পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। সুন্দরবন ভ্রমণে গিয়ে এক পর্যটক নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বন বিভাগের এমন সিদ্ধান্তে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্রলার মালিক ও ট্যুর গাইডরা। তাদের অভিযোগ, একটি বিচ্ছিন্ন দুর্ঘটনাকে কেন্দ্র করে তিন দিনের ভ্রমণ পাস বন্ধের সিদ্ধান্ত সাতক্ষীরা রেঞ্জের পর্যটনশিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।

৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। পরে ৮ নভেম্বর রাতে দুবলার চরের আলোরকোলের মাথারখাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয় বন বিভাগ।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, “আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের বডির ট্রলারে তিন দিনের রাত্রিযাপনের অনুমতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগের নিয়ম অনুযায়ী এক দিনের ভ্রমণের অনুমতি চালু থাকবে। তিন দিনের অনুমতি বন্ধের বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।“

নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে জানতে চাইলে তিনি বলেন, “আপাতত অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।“

এদিকে, বন বিভাগের এ সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্রলার মালিক ও ট্যুর গাইডরা। তাদের দাবি, তিন দিনের ভ্রমণ পাস বন্ধ হলে সাতক্ষীরা রেঞ্জকেন্দ্রিক পর্যটন ব্যবসা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। এতে পর্যটন খাতের সঙ্গে জড়িত বহু মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাতক্ষীরা জেলার ব্র্যান্ডিং স্লোগান “সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন”। সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনের যে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায়, তা অন্য রেঞ্জ থেকে একইভাবে সম্ভব নয়। ফলে তিন দিনের ভ্রমণ পাস বন্ধের সিদ্ধান্তকে তারা হঠকারী বলে মনে করছেন।

পর্যটকবাহী বোটের মালিক জাহাঙ্গীর আলম জানান, ঋণ করে তারা পর্যটক পরিবহনের জন্য বোট তৈরি করেছেন। এখন অনুমতি বন্ধ হয়ে গেলে তাদের ঋণ পরিশোধ ও ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তাই দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে তিন দিনের ভ্রমণ পাস চালুর দাবি জানান তিনি।

মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, “প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবনে যাতায়াত করছেন। এর আগে এমন দুর্ঘটনা ঘটেনি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ধরনের একটি ঘটনার কারণে পুরো পর্যটন কার্যক্রম সীমিত করে দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবেন।“

সুন্দরবনের ট্যুর গাইড জিএম মাসুম বিল্লাহ বলেন, “সাতক্ষীরা রেঞ্জে এ ধরনের দুর্ঘটনার ঘটনা নতুন। এর আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা যান আব্দুল্লাহ (১৬) নামের এক পর্যটক। এ ছাড়া ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালি বোট ডুবে গেলে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে আরেকটি জালি বোট ডুবির ঘটনা ঘটে।“

তার দাবি, এসব ঘটনার পরও বন বিভাগ এ ধরনের নিষেধাজ্ঞা দেয়নি। পর্যটকদের অসতর্কতার কারণে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার দায়ে সাতক্ষীরা রেঞ্জের তিন দিনের ভ্রমণ পাস বন্ধ করা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ট্যুর গাইড মাসুম বিল্লাহ আরও জানান, এ সিদ্ধান্ত সাতক্ষীরা রেঞ্জের পর্যটন সম্ভাবনাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা।