বগুড়ার শেরপুর উপজেলায় কর্মস্থলে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় মো. সুমন (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষর্শীরা জানান, মো. সুমন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দুবলাগাড়ি চকপোতা গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি অগ্রণী ব্যাংক দুপচাঁচিয়া শাখায় কর্মরত ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর শেরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বাসের জন্য।
এসময় একটি পিকআপ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারানো পিকআপটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ‘করতোয়া গেটলক’ পরিবহনে গিয়ে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর গুরুতর আহত সুমনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জাকির হোসেন জানান, পিকআপটি পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারে কাছে হস্তান্তর করা হবে।