শষ্যভান্ডার হিসেবে পরিচিত রংপুরে মাত্র ২ ঘন্টার অবিরাম বৃষ্টি আর শিলাবৃষ্টিতে জেলার পীরগাছা, মিঠাপুকুর উপজেলার শত শত হেক্টর জমির পাকা আমন ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে।
অন্যদিকে ধান কাটা অবস্থায় জমিতে থাকা পাকা ধান পানিতে ডুবে গেছে। কৃষকরা জমি থেকে পানি অপসারণ করার জন্য স্যালো টিউবওয়েল ব্যবহার করেও পানি অপসারণ করতে পারছেনা। তবে সময়মতো পানি সরাতে না পারলে পচে যেতে পারে ধান। ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে রংপুরে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে বলে কৃষকরা আশাবাদি হয়ে উঠেছে। এ সময় বুধবার রাতে আকস্মিকভাবে শিলাবৃষ্টি ও মুষল ধারে বৃষ্টি হয়।
প্রায় ২ ঘণ্টা অবিরাম বৃষ্টি আর শিলাবৃষ্টিতে রংপুরের মিঠাপুকুর ও পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকা পাকা আমন ধান ক্ষেত ও আগাম আলু ক্ষেত পানিতে তলিয়ে যায়। এতে করে শত শত কৃষক তাদের ক্ষেতে থাকা আমন ধান ও আলু রক্ষা করার চেষ্টা করছেন। অনেকেই স্যালো মেশিন বসিয়ে পানি অপসারণের চেষ্টা করছেন।
কৃষকরা বলছেন, এক রাতের বৃষ্টিতে পানির নিচে কৃষকের কয়েক মাসের পরিশ্রম। এখন ফসল বাঁচানোর শেষ চেষ্টা করছেন তারা। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের।
মিঠাপুকুর উপজেলা বলদীপুকুর গ্রামে গিয়ে দেখা গেছে দিগন্ত জোড়া ধান ক্ষেতে পানিতে সয়লাব হয়ে গেছে। বেশীরভাগ জমিতে থাকা আধাপাকা এবং পাকা আমন ধান ক্ষেত এক দেড় ফুট পানিতে তলিয়ে গেছে।
কৃষক সোলায়মান জানান, তিনি ৪ বিঘা জমিতে আমন আবাদ করেছেন। ফলনও ভাল হয়েছিলো। ৪ দিন আগে ধান পাকায় ধান কেটে জমিতে রেখেছিলেন। কিন্তু বুধবার রাতে শিলাবৃষ্টি আর বৃষ্টির পানিতে ধান ক্ষেত তলিয়ে যাওয়ায় ধানের আঁটি আনতে পারছেননা। এ জন্য স্যালো মেশিন ভাড়া করে জমি থেকে পানি অপসারণ করার চেষ্টা করছেন।
পাশ্বর্বতী বালারহাট গ্রামে গিয়ে দেখা গেছে নীচু জমিতে চাষ করা আমন ধান ক্ষেতে পানি থৈথৈ করছে। শত শত একর জমির ধান শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আর যে সব জমিতে ধান পেকেছে সেগুলো জমি থেকে পানি অপসারণ না করা হলে সব ধান পচে নষ্ট হবার আশঙ্কা করছেন কৃষকরা।
একই অবস্থা পীরগাছা উপজেলার অনন্দানগর, দেউতি পারুলসহ বিভিন্ন এলাকার। অন্যদিকে মিঠাপুকুর উপজেলার দমদমা, বৈরাগীগজ্ঞসহ আশ্বেপার্শ্বের এলাকায় আগাম আলু ক্ষেতগুলো পানিতে তলিয়ে যাওয়ায় বেশীরভাগ ক্ষেতের আলু নষ্ট গেছে বলে আলু চাষিরা জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সাইফুল আলম রংপুরের শিলাবৃষ্টি ও মুষলধারে বৃষ্টি হবার কথা জানিয়ে বলেন, পীরগাছা উপজেলার কিছু এলাকার ধান ও আগাম আলু ক্ষেত নষ্ট হয়েছে বলে শুনেছি। তবে মিঠাপুকুর উপজেলার বিভিন্ন স্থানেও ক্ষয় ক্ষতির খবর জানতেন না বলে জানান তিনি।
এ ব্যাপারে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তা কৃষকদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ হচ্ছে বলে জানান।
এদিকে রংপুর কৃষি সম্প্রচার বিভাগ জানিয়েছে চলতি আমন মৌসুমে রংপুর জেলায় ১ লাখ ৬৬ হাজার ৯৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো । যার শতভাগ পূরণ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৪৮ হাজার মেট্রিক টন চাল।