বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, উদ্ধার প্রায় ১০ লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পৃথক দুটি অভিযানে আরও ১ লাখ ৪ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) রাতে টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী এলাকায় তিনটি পৃথক অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন।

বিজিবি অধিনায়ক জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলার জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবি। পরে বিজিবির একটি অভিযানিক দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়।

নৌকায় থাকা আনুমানিক ৭ থেকে ৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তাগুলো পানিতে নামিয়ে কাছের কেওড়া বনে লুকিয়ে থাকেন। বেড়িবাঁধ পার হওয়ার সুযোগের অপেক্ষায় ছিলেন তারা। এ সময় বিজিবির আরেকটি টহল দল স্পিডবোট নিয়ে কেওড়া বনের দিকে এগোলে কারবারিরা গুলি ছোড়েন। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালিয়ে সামনে এগিয়ে যায়।

একপর্যায়ে বিজিবির পাল্টা গুলির মুখে টিকতে না পেরে কারবারিরা ইয়াবাভর্তি বস্তাগুলো পানিতে ভাসমান অবস্থায় ফেলে নৌকায় করে মিয়ানমারে পালিয়ে যান। পরে বিজিবির টহল দল সেখান থেকে ছোট-বড় ১০টি বস্তায় থাকা ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

একই রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. হোসাইন (২০) নামে এক যুবককে আটক করে বিজিবি। তার বাড়ি চকরিয়ার চিরিঙ্গায়।

এরপর রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আঞ্জুমানপাড়া এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবাসহ মো. রমজান আলী (১৮) নামে আরেক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকারই বাসিন্দা।

আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।