রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তানোর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই সংস্থায় কর্মরত ২৭ বছর বয়সী এক তরুণী অভিযোগ করেন, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ ঘটনায় ওই তরুণী আদালতে মামলা করেন। পরে আদালত পলাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, “তানোর উপজেলা কমিটি সম্পর্কে তিনি তেমন কিছু জানেন না। ঘটনাটি জানার পর উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের অবহিত করা হয়েছে। তারা বিস্তারিত জানালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।“