মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে একটি অটোরিকশা থেকে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) দেবব্রত।

তিনি জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে চেষ্টা চলছে।

জানা গেছে, ঘটনার সময় দুর্বৃত্তরা অটোরিকশার ভেতরে ছিল। সেখান থেকে ককটেল নিক্ষেপের পর সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত বা নিহত হয়নি।