গাজীপুরের শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ১১,০০০ ভোল্টের বিদ্যুতের খুঁটিতে আটকে পড়েন এক যুবক (৪০)।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে জীবিত উদ্ধার করলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের ডান পাশের বেশ কিছু অংশ পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে ফকিরবাড়ী এলাকায় বিদ্যুতের খুঁটির ওপর একজনকে আটকে থাকতে দেখেন তারা। পরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানান তারা। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার অভিযান শুরু করে।
পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ জানায়, কয়েকজন মিলে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। এ সময় তাদের একজন বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। ১১,০০০ ভোল্টের সঞ্চালন লাইনে বিদ্যুৎ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির ওপর আটকে পড়েন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা খাইরুল আলম বলেন, “রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ওই যুবককে উদ্ধার করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের ডান পাশের বেশ কিছু অংশ পুড়ে গেছে। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।”
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শান্তনু রায় বলেন, “খবর পেয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা ঘটনাস্থলে পৌছে রাত ১২টার দিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে। উদ্ধারকাজের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের সহযোগিতায় পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তিনি কেন বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন, তা তদন্ত করে দেখা হবে।”