টাঙ্গাইলে বিএনপি নেতার যোগসাজশে সড়কে চাঁদা আদায়ের অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে ট্রাক থামিয়ে বিএনপির স্থানীয় নেতার যোগসাজশে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। জেলা ট্রাক মালিক সমিতির রশিদ ব্যবহার করে প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক যানবাহন চালক।

শুক্রবার (১৩ নভেম্বর) সড়কে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, আজগানা ইউনিয়নের বেলতৈল শেখের চালা গ্রামের সোহেল এবং একই গ্রামের ইউসুফ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর প্রায় ৩০০ গজ উত্তরে চেয়ার বসিয়ে যানবাহন থামান।

এ সময় তারা ‘টাঙ্গাইল জেলা মালিক সমিতি’র রশিদ দিয়ে প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা আদায় করেন। অনেক চালকের কাছ থেকে রশিদ ছাড়াও টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

একাধিক ট্রাকচালক জানান, হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে দুজন ব্যক্তি ট্রাক থামিয়ে জেলা ট্রাক মালিক সমিতির রশিদ দিয়ে ১০০ টাকা করে আদায় করছেন। এর আগে ওই স্থানে কোনো টাকা নেওয়া হতো না। টাকা দিতে আপত্তি জানালে আদায়কারীরা চালকদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ তাদের।

আজগানা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোড়াই-হাটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক লাল মিয়া বলেন, “জেলা থেকে ট্রাক মালিক সমিতির কমিটি দেওয়া হয়েছে। কার্যালয়ের খরচের জন্য সেখান থেকে টাকা তোলা হয়েছে। নিয়ম মেনেই বৈধভাবে টাকা নেওয়া হচ্ছিল।”

আজগানা ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও গোড়াই-হাটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কবীর সিকদার জানান, টাকা আদায়ের বিষয়টি তার জানা ছিল না। জানার পরপরই তা বন্ধ করে দেওয়া হয়েছে।

আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি বোখারী জানান, তার ইউনিয়নে কোনো নেতা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তা প্রমাণিত হওয়ার পর উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী বলেন, “মালিক সমিতির পূর্বের নিয়ম রয়েছে। মালিকরা মালিকদের কাছ থেকে সহযোগিতা নিবে এবং তারা তাদের সমিতি চালাবে। এখানে বিদ্যুৎ বিল, অফিসের পিয়নের বেতন দিতে হয়। তারা অন্য ব্যবসায়ীর কাছে তো চাঁদা চায়নি। তবে জোর করে ট্রাক থামিয়ে টাকা নেওয়ার নিয়ম নেই। টাকা নেওয়ার বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ওই শাখাকে আমরা ডাকবো।”

এ ব্যাপারে টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম বলেন, “বিষয়টি আমার জানা নেই। সড়কে চাঁদা আদায়ের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।”