নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে ১০ বছরের এক শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক মাদ্রাসার শিক্ষক গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ছয়ানী ইউনিয়ন বাজারে মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে উপজেলার একটি ইউনিয়নের স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। গত কদিন আগে ওই মাদ্রাসায় অধ্যয়নরত ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায় ওই শিক্ষক।
পরবর্তীতে শিশুটি বাড়ি গিয়ে তার পরিবারকে বিষয়টি খুলে বললে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় জনতা ও ক্ষুব্ধ অভিভাবকরা একত্রিত হয়ে অভিযুক্তকে মাদ্রাসায় ঘেরাও করেন এবং একপর্যায়ে তাকে গণপিটুনি দেন।
পরে স্থানীয় লোকজন বেগমগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পাওয়া মাত্রই পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে।
বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, একটি শিশুকে নির্যাতন করার অভিযোগে একজন মাদ্রাসা শিক্ষকে মারধরের খবর শুনে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এ বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।