চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ সুপার গ্রেপ্তার

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় মোহাম্মদ জাহাংগীর আলম নামে এক পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) রাতে পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন তিনি।

তার বিরুদ্ধে নিজের ব্যক্তিগত ও সরকারি মোবাইল দু’টিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগসহ তথ্য আদান-প্রদানের অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, একইদিন নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে রেঞ্জ রিজার্ভ ফোর্স চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন।