টানা কয়েকদিনের উত্তেজনার পর পুনরায় কর্মব্যস্ত পরিবেশে ফিরেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো।
রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকেই অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রমে যোগ দেন শ্রমিকরা।
সকালে আশুলিয়া ও সাভারের বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।
এদিকে শিল্প এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলেও আশুলিয়ার কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ থাকার খবর পাওয়া গেছে।
রবিবার সকালের দিকে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, “সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে খুব ভালো পরিস্থিতি ও স্বাভাবিকভাবে কার্যক্রম চলমান আছে। বিভিন্ন কারণে অর্ধ-শতাধিক কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। সকাল থেকে সব জায়গায় কার্যক্রম স্বাভাবিক চলছে। শুধু মাত্র ৫টি কারখানায় শ্রমিকরা কাজ শুরু না করে বসে আছেন। এছাড়া কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। এখানে প্রায় ৮ শতাধিক পোশাক কারখানা রয়েছে। এরমধ্যে বন্ধ রয়েছে অর্ধ-শতাধিক। মালিকদের সবার চাওয়া একটাই-পোশাক খাতে স্থিতিশীলতা।”
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, “সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেগুলো বন্ধ ছিল, সেগুলোই বন্ধ। কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।”
“তবে শ্রমিকরা কাজ করছেন না, এরকম প্রায় অর্ধশত কারখানায় ‘নো ওয়ার্ক নো পে’ পদ্ধতিতে শ্রম আইনের ১৩ (১) ধারায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এর বাইরে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,” বলেও জানান তিনি।