মুন্সীগঞ্জে গার্মেন্টস মালিকের বিরুদ্ধে কর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি পোশাক কারখানায় এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। খোদ পোশাক কারখানায় মালিকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ওই পোশাক কারখানার নারী কর্মী ভুক্তভোগী কিশোরীর মা।

ঘটনাটি ঘটেছে জেলার সিরাজদীখান উপজেলার কাঠালতলী গ্রামের ইন্ডিয়ান টেক্সটাইলে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ওই পোশাক কারখানার নারী কর্মী তার কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে মালিক আনোয়ার মাঝির (৬০) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে পোশাক কারখানার নিজ অফিস কক্ষের ভেতর ডেকে নিয়ে নারী কর্মীর কিশোরী মেয়েকে ধর্ষণ করেন আনোয়ার মাঝি। পরে ওই কক্ষে আটকে রাখা অবস্থায় কিশোরীকে উদ্ধার করেন স্থানীয়রা। ঘটনার পর থেকেই গার্মেন্টস মালিক পলাতক রয়েছেন।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, উপজেলার কাঠালতলী গ্রামের ওই গার্মেন্টসে মূলত তৈরি পোশাকে এমব্রয়ডারি করা হয়। সেখানে ৭০-৮০ জন শ্রমিক রয়েছেন। দুই মাস ধরে ওই কিশোরীর মা সেখানে কাজ করে আসছেন। মায়ের কাজের সুবাধে প্রায়ই সেখানে যাতায়াত করেন ওই কিশোরী। মাঝেমধ্যে মায়ের কাজে সহযোগিতাও করে থাকেন। গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গার্মেন্টস মালিক আনোয়ার মাঝি কিশোরীকে তার কক্ষে ডেকে নিয়ে যান। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করে কক্ষের ভেতর তালাবদ্ধ করে রাখেন। পরে কিশোরীর মাসহ অন্য কর্মীরা তাকে উদ্ধার করেন।  

সিরাজদীখান থানার ওসি বলেন, “শুক্রবার দিবাগত মধ্য রাতে অভিযুক্ত গার্মেন্টস মালিক আনোয়ার মাঝির বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”