যৌতুক ও বাল্যবিয়ের নিবন্ধন করলে নিকাহ রেজিস্ট্রারদের (কাজি) লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী সরকারি জিএস মডেল উচ্চবিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, “বিয়ের আগে বর-কনের সঠিক বয়স যাচাই করতে হবে। নিয়ম মেনে বিয়ে নিবন্ধন করে অনুষ্ঠানে বর-কনের হাতে কাবিননামা বুঝিয়ে দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আসাদুল হাবিব দুলু বলেন, “ভালো পোশাক ও সুন্দর চেহারা থাকলেই মানুষ ভালো হয় না। অপরাধমুক্ত মানুষই ভালো ও প্রকৃত মানুষ। সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো ধ্বংসের পথে “
মন্ত্রী বলেন, “শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না। অবকাঠামোর পাশাপাশি মানবিক উন্নয়ন ঘটলেই প্রকৃত উন্নয়ন হবে এবং সেই উন্নয়ন সার্থক হবে। তখনই গড়ে উঠবে আলোকিত লালমনিরহাট। এ জন্য সামাজিক আন্দোলনের মাধ্যমে মানবিক উন্নয়নের পাশাপাশি উন্নয়নমূলক কাজও করা হচ্ছে।”
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, “সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ সারা দেশে ছড়িয়ে দিতে অন্য জেলার জেলা প্রশাসকেরা লালমনিরহাটে এসেছেন। এই আন্দোলনের লক্ষ্য ও কার্যক্রম দেখে তারা অভিভূত হয়েছেন। নিজেদের জেলায়ও এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।”