‘রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের উসকানির’ অভিযোগে চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা জাহাংগীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাংগীর আলম চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
জাহাংগীর আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী ধরনের অভিযোগ ও প্রমাণ পাওয়া গেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “তাঁর বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। প্রথমত, রাষ্ট্রদ্রোহের অভিযোগ এবং দ্বিতীয়ত, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের উসকানির অভিযোগ। আমরা এমন দুটি নির্দিষ্ট মেসেজ পেয়েছি, যেখানে রাষ্ট্রদ্রোহিতার উপাদান রয়েছে।”
উদ্ধারকৃত বার্তার বিবরণ দিয়ে ডিআইজি জানান, একটি মেসেজে উল্লেখ ছিল যে, ‘ডিসেম্বরে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে’- অর্থাৎ আগের সরকারকে পুনর্বাসিত করার ইঙ্গিত দেওয়া হয়েছিল। অপর একটি মেসেজে লেখা ছিল, ‘ডিসেম্বরে জানবাজি রেখে সবাই মাঠে নামবে’। এসব প্রমাণের ভিত্তিতেই তার বিরুদ্ধে প্রাথমিক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গত ১০ নভেম্বর থেকে জাহাংগীর আলমকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। সে সময় তার সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করা হয়। অনুমোদন পাওয়ার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তাকে গ্রেপ্তারসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করে।
গ্রেপ্তার কর্মকর্তার সঙ্গে কোন পর্যায়ের বা কতজন নেতার কথোপকথন হয়েছে, এমন প্রশ্নের জবাবে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী তদন্তের স্বার্থে এবং দাপ্তরিক গোপনীয়তার (অফিসিয়াল সিক্রেসি) কারণে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, “এজাহারে উল্লেখিত তথ্যের বাইরে এই মুহূর্তে কোনো সংবেদনশীল তথ্য দেওয়া সম্ভব নয়।”
জাহাংগীর আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে ডিআইজি জানান, প্রাথমিক তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানো হয়েছে এবং সেখান থেকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, ফৌজদারি মামলার তদন্তের পাশাপাশি বিভাগীয় তদন্তও চলবে। এই ঘটনায় পুলিশ বাহিনীর অন্য কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও একইভাবে ফৌজদারি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।