চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারি নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকার বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা কোনো ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-২ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে নির্ধারিত মেডিকেল সেন্টারের তালিকা আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে। নির্ধারিত ব্যয়ের বাইরে যাতে কোনো কর্মী হয়রানির শিকার না হন, সে বিষয়ে মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে।
চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. রুহুল আমিনের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিটি বাংলাদেশ মিশনে তথ্য সংগ্রহ ও অভিযোগ গ্রহণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, ‘‘বিদেশে কোনো বাংলাদেশি কর্মী সমস্যায় পড়লে ই-মেইলের মাধ্যমে সরাসরি অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে সহায়তার পাশাপাশি দেশে থাকা তাঁর পরিবারের সদস্যদেরও নিয়মিত তথ্য জানানো হয়। এ সময় তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধের সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের চিকিৎসা ও খরচের বিষয়েও সরকার নিবিড়ভাবে খোঁজখবর নিয়েছে এবং তাঁদের পরিবারের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিয়েছে।’’
এছাড়া সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, কর্মী পাঠানোর নামে প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের যেকোনো অভিযোগের ক্ষেত্রে কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।