গোপালগঞ্জের এসপি ফেনীতে এবং ফেনীর এসপি গোপালগঞ্জে

গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) এবং তিনজন উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়।

একটি প্রজ্ঞাপনে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া একই প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে ঢাকার স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে। পাশাপাশি বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উভয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।