গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের টেংরা-শ্রীপুর শাখায় আগুন দেয়ার চেষ্টা করা হয়। সজাগ পেয়ে ব্যাংকের কর্মকর্তা ও নৈশ প্রহরী মিলে আগুন নিভিয়ে ফেলায় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায় ব্যাংক।
গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রামীণ ব্যাংকের ওই শাখায় ভেতরে আবাসিক কোয়ার্টার আছে। দৈনিক মতো কাজ শেষে কর্মকর্তারা অফিস তালাবদ্ধ করে কোয়ার্টারে চলে যান। রাত ২ টার দিকে নৈশপ্রহরীর চিৎকার শুনে কর্মকর্তারা এসে আগুন দেখতে পান। পরে তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলেন।
গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখার নৈশ প্রহরী ফরিদ জানান, শরীর একটু খারাপ লাগার কারণে তিনি কার্যালয়ের নিচ তলার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত সীমানা প্রাচীর টপকিয়ে আগুনের কুন্ডলী তৈরী করে ভবনের গেটের ভেতরে নিক্ষেপ করেন। তিনি হঠাৎ করে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা চলে যায়। পরে উপরে থাকা কর্মকর্তারা নিচে নেমে আসেন এবং সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেন।
গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) শাহাদাত হোসেন বলেন, ‘‘নৈশ প্রহরীর চিৎকার শুনে দ্রুত নিচে নেমে আগুন নিভিয়ে ফেলি। রাতেই ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।’’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছে। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।’’