‘বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের বিনিয়োগ নিয়ে ফলপ্রসূ আলোচনা’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আঙ্কারার বিনিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

রবিবার (১৫ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) প্রধানমন্ত্রীর যোগদান নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সম্মেলনের ফাঁকে গত মঙ্গলবার বাংলাদেশ ও তুরস্কের সরকারপ্রধানের মধ্যে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তুরস্ক থেকে প্রায় দুই বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কেনার প্রসঙ্গ টেনে সামরিক খাতে বিনিয়োগের বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা উৎপাদনের অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

তিনি উল্লেখ করেন, জলবায়ু সম্মেলনের মতো বহুপক্ষীয় ফোরামের ফাঁকে হাতেগোনা কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান, যা বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধির ইঙ্গিত বহন করে। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে এবং এটি আরও মজবুত সমন্বিত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য উদ্ধৃত করে হুমায়ুন কবির বলেন, এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, “আপনি আমার মূল্যবান ভাই। শুধু বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা হিসেবেই নন, এর বাইরেও আপনি আমার অত্যন্ত মূল্যবান ভাই ও নেতা, যার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করব। আমার এবং তুরস্কের সামর্থ্যের মধ্যে যা কিছু আছে, বাংলাদেশের জন্য আমি তা করব।”

এছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পর বাংলাদেশ ও তুরস্ক কীভাবে আরও জোরালোভাবে কাজ করতে পারে এবং এই সংকটে আন্তর্জাতিক অর্থায়নের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের কণ্ঠ জোরালো করার উপায় নিয়ে দুই নেতা মতবিনিময় করেন।