জামালপুরে এক কিশোরীকে ধর্ষণের দায়ে সোহেল রানা (১৪) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১। মামলা দায়েরের ১৬ বছর পর এ রায় ঘোষণা করা হয়। আসামি সোহেল রানা এর মধ্যে কিশোর থেকে যুবকে পরিণত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার পিপি সাংবাদিকদের জানান, গত ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাতে জামালপুর সদর থানার জালালের চর গ্রামের এক কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে একই গ্রামের সোহেল রানা (১৪) তাকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ ঘটনা জানাজানি হলে গত ২৫ ডিসেম্বর ওই কিশোরীর বাবা জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামি সোহেল রানার উপস্থিতিতে ১৬ বছর পর সোমবার রায় ঘোষণা করা হয়।
রায়ে অভিযুক্ত সোহেল রানাকে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আমান উল্লাহ আকাশ।