দীর্ঘ ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনের মধ্যে তিনি অবরুদ্ধ ছিলেন।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তরে সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (জনসংযোগ) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিন দিন অফিস বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মেলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। রাত সাড়ে ১১টার দিকে উপাচার্য নিজ কার্যালয় থেকে বেরিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।
এর আগে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেন। সোমবার সকাল থেকে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তর ঘেরাও করে অবস্থান নেন। একপর্যায়ে প্রধান ফটক বন্ধ করে বেলা ৩টার দিকে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন আন্দোলনকারীরা। এতে উপাচার্যসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমেও স্থবিরতা দেখা দেয়।
আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের নির্দেশে চাকরিতে পুনর্বহাল হলেও তারা দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বেতন-ভাতার বৈষম্যের শিকার হচ্ছেন। বর্তমান বেতন স্কেলের সুবিধা থেকেও তারা বঞ্চিত। বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ ও বিভিন্ন খাতে ব্যয় করা হলেও পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে দাবি তাদের। দাবি পূরণে সিদ্ধান্ত না আসায় তারা উপাচার্যের কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর আগে রবিবারও তারা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেন।
এদিকে সোমবার রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে উপাচার্য অভিযোগ করেন, পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী তাকে ৯ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন। তিনি লেখেন, ‘৯ ঘণ্টা নয়, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না।’
স্ট্যাটাসে উপাচার্য আরও লেখেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাহিরে গিয়ে আমার প্রশাসন কিছুই করবে না। রায়ের আলোকে যা করার করেছি, বাকিটা সরকার বলুক, করে দেবো। কোনো চাপের কাছে অতীতেও মাথা নত করি নাই, এখনও করবো না।’
বিশ্ববিদ্যালয়ের সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি লেখেন, বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। কাজ করতে দিলে করবেন, না দিলে করবেন না। তবে ‘উল্টাপাল্টা কথা বলে, স্টোরি মেইক করে বা অবরুদ্ধ করে রেখে কোনো লাভ হবে না’ বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। পরে তাদের পক্ষে আইনি লড়াই চলে। ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ চাকরিচ্যুতদের মধ্যে জীবিত ব্যক্তিদের পুনর্বহালের নির্দেশ দেন।
আদালতের নির্দেশনায় চাকরিচ্যুতির সময়কে ‘অসাধারণ ছুটি’ হিসেবে গণ্য করার পাশাপাশি তাদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রাখার কথা বলা হয়। তবে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নির্ধারণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর ছেড়ে দেওয়া হয়।