Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

ওই সভায় শ্রমিকদের মজুরির হার নির্ধারণের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম

পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই সভায় শ্রমিকদের মজুরির হার নির্ধারণের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী সোমবার বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার সকালে সেদিনের বৈঠক ‘অনিবার্যকারণে’ স্থগিত হওয়ার কথা জানানো হয়। এ বৈঠকে মালিকপক্ষের মজুরি কাঠামোর প্রস্তাব করার কথা ছিল।

গত ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২,০০০ টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

উল্লেখ্য, গত পাঁচটি মজুরি বোর্ডের সভায় শ্রমিকপক্ষ যে পরিমাণ মজুরি দাবি করেছে, মালিকপক্ষ প্রতিবারই তার অর্ধেক বা তার চেয়ে কম প্রস্তাব দিয়েছে। ফলে শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান দেখা গেছে। এসব প্রস্তাবকে কেন্দ্র করে বড় ধরনের আন্দোলনের সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত শ্রমিকদের লাগাতার আন্দোলন ও আলোচনায় দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয়েছে মালিকপক্ষ।

   

About

Popular Links

x