সিরাজগঞ্জের হাটিকুমরুলে সকালে মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
নিহতরা হলেন - ধোপাকান্দি এলাকার কৃষক ঠান্ডু মিয়া (৬০) ও একই এলাকার দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মাহবুবুর রহমান জানান, ফজরের নামাজের পর হাঁটতে বের হয়েছিলেন তারা। পরে মহাসড়কের পাশ দিয়ে হাটার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক দুই পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পুলিশের ধারণা, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
তিনি আরও জানান, ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।