রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত রত্না খাতুন (৪০) রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গত ১০ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হন। 

সোমবার (১৬ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৫২ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের তথ্যমতে, তিনি ডেঙ্গু হেমোরেজিক ফিভার ও ডেঙ্গু এনসেফালাইটিসে আক্রান্ত ছিলেন।

এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে ২৪ জনের মৃত্যু হলো। মৃত ব্যক্তিদের মধ্যে ১০ জনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ জন। বর্তমানে হাসপাতালে ১৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের জেলাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ২৪ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১০ জন। দ্বিতীয় সর্বোচ্চ সাতজন মারা গেছেন রাজশাহীর বাসিন্দা। এ ছাড়া নাটোর ও কুষ্টিয়ার দুজন করে এবং পাবনা, ঝিনাইদহ ও সিরাজগঞ্জের একজন করে মারা গেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বাসিন্দা মিলিয়ে মারা গেছেন ১৭ জন, যা মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে বাড়ির আশপাশে এডিস মশার লার্ভা পাওয়ার ঘটনা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, “চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গুতে ২৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহী জেলা মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।”

এর আগে গত ১০ নভেম্বর রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকার গৃহিণী বুলু বেগম (৪০) ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজশাহী জেলা সিভিল সার্জন কার্যালয়ের মঙ্গলবারের (১৭ নভেম্বর) তথ্য অনুযায়ী,  রাজশাহী জেলা ও রামেক হাসপাতালে ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫৬ জন। এরমধ্যে চিকিৎসা ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৪৬১ জন। আর রামেক হাসপাতালে ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৯ জন। এরমধ্যে চিকিৎসা ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ২৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার গোদাগাড়ী উপজেলা ৫ জন, পুঠিয়া উপজেলায় ৪ জন, মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।