চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে ডাকাতি, চালক-সহকারীকে কুপিয়েছে দুবৃর্ত্তরা

চুয়াডাঙ্গার দর্শনা জংশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। ইঞ্জিনের কেবিনে ঢুকে লোকোমাস্টার (চালক) ও সহকারী লোকোমাস্টারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এরপর তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা জংশনের কাছে দুধপাথিলা মুরগির খামার এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি খালি ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের অপেক্ষায় দুধপাথিলা মুরগির খামারসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা চালক ও সহকারী চালককে জিম্মি করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলায় গুরুতর আহত হওয়ার পরও চালক ও সহকারী চালক ট্রেনটি চালিয়ে পাশের উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উথলী রেলওয়ে স্টেশন মাস্টার জানান, ঘটনার পর থেকে খালি ট্যাংকার ট্রেনটি উথলী স্টেশনে অবস্থান করছে। আহত চালকেরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার অপেক্ষা করা হচ্ছে। বিকল্প চালক পৌঁছালে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাটি নির্জন। এটি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।