ঢাকার পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

ঢাকার পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচারিক আদালতের দেওয়া প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আর তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

এর আগে, সোমবার (১৬ নভেম্বর) শুনানি একদিনেই সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির ও মোহাম্মদ ওসমান চৌধুরী। আসামি পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার বিবরণ থেকে জানা যায়, রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশন এলাকার একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকত দ্বিতীয় শ্রেণির ছাত্রী। একই বাসার অন্য ফ্ল্যাটে সাবলেট থাকতেন দম্পতি সোহেল রানা ও স্বপ্না খাতুন।

গত ১৯ মে দুপুরে সোহেলদের বাসা থেকে শিশু রামিসার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ এবং ঘটনাস্থল থেকেই স্বপ্নাকে আটক করা হয়। পরে পুলিশি অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেলকেও গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপ্না জানান, মেয়েটিকে বাথরুমে আটকে রেখে ধর্ষণ ও হত্যা করেন সোহেল। পরে প্রমাণ গোপনের উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে লাশের মাথা ও হাত কেটে শরীর থেকে আলাদা করে খাটের নিচে লুকিয়ে রাখা হয় এবং কাটা মাথা বাথরুমের বালতিতে রেখে পালিয়ে যান সোহেল।

এ ঘটনায় ওই শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন সোহেল রানা।

ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে এবং তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত শিশুর বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার আশ্বাস দেন।

এর ধারাবাহিকতায় বিচার শুরুর মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত। রায়ে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ওই অর্থদণ্ডের অর্থ আদায় করে ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর থেকে দুই আসামিকে কনডেম সেলে রাখা হয়। সেখান থেকেই তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। গত ৯ জুন ৬৯ পৃষ্ঠার মূল রায়সহ মামলার নথিপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পৌঁছায়।

পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে আইনজীবী হাফিজুর রহমান খানকে ‘স্টেট ডিফেন্স’ (রাষ্ট্রনিযুক্ত আইনজীবী) হিসেবে নিয়োগ দেওয়া হয়।