টানা দুই দিন পরিস্থিতি শান্ত থাকার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক শিল্পাঞ্চল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এতে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সকাল সাড়ে নয়টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডা গ্রুপের শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে সড়কে জড়ো হন। একপর্যায়ে তারা সড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন।
এসময় পুলিশ ও বিজিবির সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের অভিযানে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন সড়ক ও গলিতে অবস্থান নেন। পরে ওই এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এদিকে আশপাশের কয়েকটি কারখানায় শ্রমিকেরা প্রবেশ করলেও ভেতরে কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।
অন্যদিকে সকাল সাড়ে আটটার পর আশুলিয়ার খেজুরবাগান এলাকাতেও শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে বেলা ১১টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। একাধিক কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সেখানে জড়ো হয়েছেন বলে জানিয়েছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি কাজ করছে বলে জানান তিনি।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, বেলা ১১টার দিকে ফুলবাড়িয়া এলাকায় শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
অন্যদিকে, সাভার হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছিলেন।
শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় আজ আটটি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাঁচটি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন বলেও জানা গেছে।
শিল্প পুলিশের একটি সূত্র জানায়, গত দুই দিন পরিস্থিতি শান্ত থাকায় আজ শিল্পাঞ্চলে বন্ধ থাকা কারখানার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।



মিরপুরে আবারও শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল