Monday, November 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভার ও আশুলিয়ায় কর্মচাঞ্চল্য: সচল অধিকাংশ পোশাক কারখানা

শিল্পাঞ্চলের আশুলিয়ার কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ থাকার খবর পাওয়া গেছে

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোতে টানা কয়েকদিনের উত্তেজনার পর কর্মচঞ্চল পরিবেশ অব্যাহত রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকেই অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রমে যোগ দেন শ্রমিকরা।

সকালে আশুলিয়া ও সাভারের বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। কারখানার ভেতরে মেশিন সচল রয়েছে। সেইসঙ্গে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।

তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।

এদিকে শিল্প এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলেও আশুলিয়ার কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ থাকার খবর পাওয়া গেছে।

শিল্প পুলিশ জানায়, শ্রমিক অসন্তোষের কারণে পুরো শিল্পাঞ্চলে প্রায় ৩০টির বেশি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া ২টি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এর বাইরে সব কারখানা খোলা রয়েছে।

সোমবার সকালের দিকে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, “সাভার আশুলিয়া ধামরাইয়ে খুব ভালো পরিস্থিতি ও স্বাভাবিকভাবে কার্যক্রম চলমান আছে। বিভিন্ন কারণে ত্রিশটির মতো কারখানা বন্ধ রেখেছেন মালিকপক্ষ। সকাল থেকে সব জায়গায় কার্যক্রম স্বাভাবিক চলছে। শুধু মাত্র ২টি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এছাড়া কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি।”

তিনি আরও বলেন, “শিল্পাঞ্চলে প্রায় ৮ শতাধিক পোশাক কারখানা রয়েছে। এরমধ্যে বন্ধ রয়েছে ত্রিশটির মতো। ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ২৭টি কারখানা। সাধারণ ছুটি রয়েছে ৪টি কারখানায়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৯টি কারখানা। আর আজকে কাজে যোগ দিয়ে কর্মবিরতি চলছে ২টি কারখানায়। মালিকদেরসহ সবার চাওয়া একটাই পোশাক খাতে স্থিতিশীলতা।”

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, “সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেগুলো বন্ধ ছিল, সেগুলোর থেকেও কিছু কারখানা খোলা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। যেগুলো কাজ করছিল না, কাজে যোগ দিয়েও কাজ শুরু করছিল না, অল্প সংখ্যক কারখানায় নো ওয়ার্ক নো পে পদ্ধতিতে শ্রম আইনের ১৩ (১) ধারায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর বাইরে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

   

About

Popular Links

x