নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি বা অবিশ্বাস তৈরি না করার আহ্বান জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নতুন মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন, তা আগামী ১ ডিসেম্বর (২০২৬) থেকেই কার্যকর হবে। আগামী ২৩ নভেম্বর বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নতুন মজুরি কবে নাগাদ ঘোষণা করা হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ না জানালেও চেয়ারম্যান বলেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এবং মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনার মাধ্যমেই মজুরি চূড়ান্ত করা হবে। তিনি জানান, গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তা স্থগিত করা হয়েছিল। নতুন তারিখ অনুযায়ী আগামী ২৩ নভেম্বর ওই সভা অনুষ্ঠিত হবে।
মজুরি ঘোষণার তারিখ নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, তিনি কখনোই ১ ডিসেম্বর মজুরি ঘোষণার কথা বলেননি; বরং চূড়ান্ত হওয়া নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর করার লক্ষ্য রয়েছে। গেজেট প্রজ্ঞাপনেও বর্ধিত মজুরি ১ ডিসেম্বর থেকে প্রাপ্য হওয়ার বিষয়টি উল্লেখ থাকবে। এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।
চেয়ারম্যান জানান, শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় ও পারিবারিক অবস্থা বুঝতে বোর্ডের সদস্যরা ইতোমধ্যে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সাভারের বিভিন্ন ছোট, মাঝারি ও বড় পোশাক কারখানা পরিদর্শন করেছেন। আগামী ২৩ নভেম্বরের আগে আশুলিয়া ও গাজীপুরের মতো শ্রমঘন এলাকায় শ্রমিকদের আবাসস্থলও সরেজমিনে পরিদর্শন করা হবে।
মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব প্রসঙ্গে তিনি জানান, শ্রমিকপক্ষ এবং কয়েকটি গবেষণাভিত্তিক সংগঠন ইতোমধ্যে তাদের প্রস্তাব ও তথ্য-উপাত্ত জমা দিয়েছে। তবে মালিকপক্ষ এখনো প্রস্তাব দেয়নি; আগামী ২৩ নভেম্বরের সভায় তারা প্রস্তাব দেবে বলে আশা করা হচ্ছে।
নভেম্বরের মধ্যেই মজুরি ঘোষণা সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫-এর ১২৮ বিধির কথা উল্লেখ করে বলেন, নিম্নতম মজুরি হারের সুপারিশ সরকারি গেজেটে প্রকাশের পর সংশ্লিষ্ট পক্ষগুলোকে আপত্তি বা মতামত জানানোর জন্য ১৪ দিন সময় দিতে হয়। আইনগত এই প্রক্রিয়া এড়িয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে পরবর্তীতে আইনি জটিলতা তৈরি হতে পারে। সরকার দ্রুত সমাধান চায় বলে বোর্ডও আন্তরিকভাবে কাজ করছে।
এ সময় দেশের পোশাকশিল্প ও অর্থনীতির স্বার্থে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ও বক্তব্যকেই সঠিক তথ্য হিসেবে বিবেচনা করতে হবে। ভুল তথ্য বা বিকৃত বক্তব্য প্রচার করে পরিস্থিতি জটিল না করতে তিনি শ্রমিক সংগঠনগুলোর নেতাদের প্রতি অনুরোধ জানান এবং একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে সবার সহযোগিতা কামনা করেন।