যৌথবাহিনীর মহড়ার মধ্যেই খুলনায় এবার ঘের ব্যবসায়ীসহ ২ জন গুলিবিদ্ধ

খুলনায় যৌথবাহিনীর মহড়া চলার মধ্যেই দুর্বৃত্তের গুলিতে এক ঘের ব্যবসায়ীসহ দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) নামে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। গুলি তার পা, হাত ও ঘাড়ে লাগে।

গুলি করে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা আরও একটি গুলি ছোড়ে। সেই গুলিতে খালেক নামে এক ভ্যানচালক আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মনিরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগরীর অন্যান্য এলাকার মতো তাদের থানা এলাকাতেও যৌথবাহিনীর মহড়া চলছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ পুরো এলাকায় জোরদার অভিযান চালাচ্ছে।