নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। আর বাসটির নিয়মিত চালক মামুন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন সড়কের পাশে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় ছিল। এসময় মোটরসাইকেলে আসা দুই যুবক বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় আশেপাশের লোকজন গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি মূলত বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”